ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তরুণ-তরুণীদের ফাইজারের টিকা দিচ্ছে সৌদি

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। দেশটি অল্পবয়সীদের শরীরে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা প্রয়োগ করবে। রবিবার (২৭ জুন) টুইটারে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।


টুইটারে দেওয়া পোস্টে জানানো হয়, সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (এসএফডিএ) প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ১২ থেকে ১৮ বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা প্রয়োগ শুরু করা হবে।


এ দিকে মধ্যপ্রাচ্যের এই দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, করোনা টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে রবিবার ১২ বছর নির্ধারণ করেছে সৌদি আরবের সরকার। এর ফলে দেশটিতে টিকাদান কর্মসূচি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


এর আগে গেল বছরের ডিসেম্বরে ১৮ ও তার বেশি বয়সী সবার শরীরে প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় সৌদি আরব।


মিডিয়াটি বলছে, টিকা নেওয়ার বয়স শিথিল করায় ভ্যাকসিন গ্রহণে ইচ্ছুক যে কেউ সেহাতি এবং তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবজুড়ে ৫৮৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। যা দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। সূত্র : রয়টার্স, সৌদি গেজেট

ads
ads
ads

Our Facebook Page

↑